ঢাকা, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও কোলস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৫:৫২

টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও কোলস
ছবি: সংগৃহীত

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলো ছড়িয়ে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজের দলেও ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জেমস কোলস। এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জশ টাংকেও ভারত সিরিজের স্কোয়াডে রেখেছে ইংল্যান্ড। লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরেছেন জফ্রা আর্চার।

তিন ম্যাচের সিরিজটির জন্য শুক্রবার ১৬ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরের দল থেকে চারটি পরিবর্তন আনা হয়েছে।

চোটের কারণে দলে নেই ব্রাইডন কার্স ও জেমি ওভারটন। ভারতের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে ইংল্যান্ডের অনুশীলনে দেখা গিয়েছিল কার্সকে। বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন জ্যাক ক্রলি ও লুক উড।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পান ২২ বছর বয়সী কোলস। এবার ওয়ানডে দলেও জায়গা পেয়ে গেলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪ ম্যাচ খেলে ৪২৫ রান করেছেন তিনি দুই ফিফটিতে। উইকেট নিয়েছেন ২৬টি।

১২টি টেস্ট খেলা টাং এখনও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ইংলিশদের প্রতিনিধিত্ব করেননি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে তার শিকার ২৯টি।

গত জানুয়ারিতে শ্রীলঙ্কা খেলা ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয় জফ্রা আর্চারকে। বিশ্বকাপ জয়ী পেসার এই সংস্করণে সবশেষ মাঠে নামেন গত নভেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।

প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন গাস অ্যাটকিনসন। ১১ ওয়ানডের সবশেষটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে খেলেছিলেন এই পেসার। হাঁটুর চোট কাটিয়ে ১০ মাস পর ফিরেছেন ১৭ ওয়ানডে খেলা পেসার সাকিব মাহমুদ।

৩৬ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডসনকে স্কোয়াডে রেখেছে ইংল্যান্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে তাকে বিবেচনায় রেখেছে ইসিবি।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেন ডাকেটের সঙ্গে ওপেন করতে পারেন জ্যাকব বেথেল। ২০২৫ সাল থেকে নিজের পঞ্চম ওপেনিং সঙ্গী পেতে যাচ্ছেন ডাকেট। চ্যাম্পিয়নস ট্রফির পর দল থেকে বাদ পড়েন ফিল সল্ট। ওপেনিংয়ে ভালো করতে না পারায় বাদ পড়েছেন জেমি স্মিথ। পরে রেহান আহমেদ ও ক্রলিকেও পাঠানো হয়েছিল ওপেনিংয়ে। তবে, কেউই সফল হতে পারেননি।

ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল ও লায়ন্সের হয়ে ৫০ ওভারে সংস্করণে ওপেনিংয়ের অভিজ্ঞতা থাকায় তাকে বিবেচনা করা হয়েছে। ৪ নম্বর থেকে তাকে পাঠানো হচ্ছে ওপেনিংয়ে। এছাড়া ক্রিকইনফো জানিয়েছে, তাকে টেস্টে তিন নম্বরের পজিশনের জন্যও বিবেচিত হচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।

অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রাশিদের সঙ্গে স্পিন বিভাগ সামাল দেবেন ৩৬ বছর বয়সী লিয়াম ডসন। ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। অফ স্পিনে সাহায্য করতে পারেন উইল জ্যাকসও।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ১৪ জুলাই, এজবাস্টনে। পরের দুটি যথাক্রমে ১৬ জুলাই ও ১৯ জুলাই, কার্ডিফ ও লর্ডসে।

ইংল্যান্ডের ওয়ানডে দল: রেহান আহমেদ, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার, জেমস কোলস, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, আদিল রাশিদ, জো রুট ও জশ টাং।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত