ম্যাচে শুরুর আগেই একাদশে ‘অনিশ্চিত’ সালাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২০:৩২ আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২০:৪১

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা মোহামেদ সালাহকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলাবেন কিনা, নিশ্চিত নন হোসাম হাসান। তারকা এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ মিশরের কোচ।
ডালাসে শুক্রবার (৩ জুলাই) শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। ১৯৩৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপের পর, এই প্রথম বিশ্ব মঞ্চে কোনো নকআউট ম্যাচ খেলবে আফ্রিকার দলটি।
গত শনিবার ইরানের বিপক্ষে মিশরের ১-১ ড্র হওয়া শেষ গ্রুপ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে সালাহর। ৫৭তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তখন থেকেই নকআউট পর্বে তাকে পাওয়া নিয়ে দানা বাঁধতে শুরু করে শঙ্কা।
গত বুধবার মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ফেইসবুক পেইজে পোস্ট করা কিছু ছবিতে সালাহকে হাসিমুখে অনুশীলন মাঠে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে তারা লিখেছিল, “দা কিং ইজ ব্যাক।”
অনুশীলনে ফিরলেও, পুরো ম্যাচ খেলার মতো ফিট বোধহয় এখনও হননি সালাহ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে শুরু থেকে খেলানো নিয়ে সংশয়ে আছেন কোচ হাসান।
“সালাহ খুবই উদ্যমী খেলোয়াড় এবং দলে নিজের অবদান রাখার জন্য মুখিয়ে আছে। সে পুরোপুরি ফিট এবং আগামীকাল খেলার জন্য প্রস্তুত- এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কোনো ঝুঁকি নেব না।
“আমরাও আশা করছি (শুক্রবার) সে খেলবে, তবে নিশ্চিত নই, সে শুরুর একাদশে থাকবে কিনা।”
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল করেছেন সালাহ। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ে মিশরের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি।
বিশ্বকাপের নকআউট ম্যাচে কখনও জিততে পারেনি মিশর। ইতিহাসের গড়ার হাতছানি যে ম্যাচে, সেখানে দলের সবচেয়ে বড় তারকাকে নিয়েই রয়েছে অনিশ্চয়তা।
ডালাসে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










