ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২২:২৭  
আপডেট :
 ০২ জুলাই ২০২৬, ২২:৪৩

বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাইসহ মানবপাচার এবং নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত ডায়ালগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার ও বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত