মেসির জন্য বিশেষ উপহার রেখেছে কেইপ ভার্ড
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২১:৫০ আপডেট : ০২ জুলাই ২০২৬, ২২:১২

বিশ্বকাপ অভিষেকে চমক দেখানো কেইপ ভার্ডের জন্য শেষ বত্রিশের লড়াই কেবল একটি ফুটবল ম্যাচ নয়, আরও বড় কিছু। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মহাতারকা লিওনেল মেসির বিপক্ষে খেলা যেন তাদের জন্য এক উৎসবের উপলক্ষ। মাঠের ফুটবলে সেটি রাঙিয়ে রাখতে চায় তারা, সঙ্গে ফুটবল মহানায়ককে দিতে চায় স্মারক উপহার।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেইপ ভার্ড।
‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউট পর্বে এসেছে আফ্রিকার দেশটি। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপে কোনো ম্যাচ হারেনি তারা। তিন ম্যাচে গোল হজম করেছে কেবল দুটি।
কেইপ ভার্ডের প্রেসিডেন্ট জুজে মারিয়া পেরেইরা নেভ্স সাংবাদিকদের বলেছেন, ‘‘কেন আর্জেন্টিনা অধিনায়ককে উপহার দিতে চান তারা।’’
তিনি বলেন, “লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে স্বাগত জানানো হবে দারুণ সম্মানের। আমরা তার জন্য একটি উপহার রেখেছি। সেটা হলো কেইপ ভার্ড জাতীয় দলের একটি জার্সি, যেটার পেছনে ১০ নম্বর ও মেসির নাম লেখা থাকবে।”
মেসিকে ফুটবল ইতিহাসের সেরাদের একজন হিসেবে দেখেন নেভ্স। তবে মাঠে যে আর্জেন্টিনা কোনো ছাড় পাবে না, সেটাও স্পষ্ট করেন তিনি।
তিনি বলেন, “আমরা আর্জেন্টিনা ও মেসির মুখোমুখি হব ম্যাচ জয়ের ও পরের রাউন্ডে ওঠার একই রকম সংকল্প, একই রকম ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেইপ ভার্ড। আমরা এই বিশ্বকাপে এসেছিলাম নিজেদের ভাগ্য নিজেরা লেখার জন্য। সেটা হলো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া।”
বাংলাদেশ জার্নাল/এনএম










