ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৫৮

বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী কয়েক ঘণ্টার আবহাওয়ার নতুন পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে ঢাকার আকাশ ও তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুরের পর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে মেঘের আনাগোনা থাকলেও এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এই ৬ ঘণ্টায় ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে স্পষ্ট করা হয়েছে।

গতকালের তুলনায় আজ ঢাকার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রেকর্ড অনুযায়ী, গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ শনিবার আবহাওয়া অফিস কর্তৃক রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকার পারদ ছুঁয়েছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি ছিল। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯০ শতাংশ, যার কারণে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া অফিস কেবল 'ট্রেস' বা সামান্য ছিটেফোঁটা বৃষ্টির রেকর্ড করেছে।

আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল রবিবার ভোর ৫টা ১০ মিনিটে সূর্যোদয় হবে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত