দেশি প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৫:১৮

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার। এ লক্ষ্যে দেশি প্রযুক্তির বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা হয়েছে।
উপ প্রেস সচিব বলেন, সরকার জনগণের দোড়গোড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে কাজ করছে। এই লক্ষ্যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে সভা হয়। সেখানে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে এই প্রকল্পের অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের উাদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পুরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমবে।”
প্রধানমন্ত্রীর প্রেস অফিস জানায়, তিন পর্যায়ে সেবা দেওয়ার বিষয়ে পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী-এ তিন ধরনের অ্যাম্বুলেন্স নির্মাণ করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
সভায় বলা হয়, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণে আমদানিনির্ভরতা কমবে এবং তুলনামূলক কম খরচে আধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে জরুরি রোগী পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বৈঠকে উঠে আসে।
প্রেস অফিস জানায়, সভায় বিশেষজ্ঞরা বলেছেন যে স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার বিভিন্ন সুবিধা সংযোজনের পরিকল্পনা আছে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব যানবাহনের নকশা করা হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, স্বাস্থ্য সেবা সচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ এহসান, অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক আবদুল সালাম আখন্দ, অধ্যাপক জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ জার্নাল/সিএম










