ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

একের পর এক ছুরিকাঘাতে ‘টপ গান’ অভিনেতা জেমস হ্যান্ডির মৃত্যু

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৫:২২  
আপডেট :
 ০৬ জুন ২০২৬, ১৫:৩৫

একের পর এক ছুরিকাঘাতে ‘টপ গান’ অভিনেতা জেমস হ্যান্ডির মৃত্যু
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি আর নেই। ‘জুমানজি’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘দ্য এক্স-ফাইলস’ ও ‘দ্য ওয়েস্ট উইং’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করা এই অভিনেতা নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় বুধবার (৩ জুন) নিজের বাড়ির সামনের বাগানে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিল, যিনি জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

রহস্যময় ফোনকল

ঘটনার আগে জরুরি সেবা নম্বর ৯১১-এ একটি অদ্ভুত ফোনকল আসে। কলকারী নিজেকে পরিচয় দিয়ে বলেন, ‘আমি ঈশ্বরের পুত্র, আমি পাপের মানুষটিকে হত্যা করেছি।’

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মাইকেল গ্লেডহিল নিজেই কর্মকর্তাদের কাছে গিয়ে জানান, তাঁকেই খোঁজা হচ্ছে। পরে তাঁকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্লেডহিল তাঁর মায়ের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। তাঁর মা ছিলেন জেমস হ্যান্ডির প্রেমিকা। তদন্তকারীদের ধারণা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।

বর্তমানে গ্লেডহিলের জামিন নির্ধারণ করা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৪ কোটি টাকা)।

ছয় দশকের অভিনয়জীবন

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি ছিলেন হলিউডের অন্যতম ব্যস্ত চরিত্রাভিনেতাদের একজন। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন।

যদিও তিনি খুব কমই প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তবু তাঁর উপস্থিতি দর্শকদের কাছে ছিল পরিচিত ও স্মরণীয়। জনপ্রিয় টিভি সিরিজ ‘এনওয়াইপিডি ব্লু’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: এনওয়াই’, ‘ক্যাসল’, ‘দ্য ওয়েস্ট উইং’ ইত্যাদি প্রকল্পে তিনি অভিনয় করেছেন।

বড় পর্দায়ও ছিল জেমস হ্যান্ডির উল্লেখযোগ্য উপস্থিতি। ১৯৯০ সালের ‘আরাকনোফোবিয়া’, ১৯৮৯ সালের ‘জুমানজি’ ও ‘লোগান’-এ অভিনয় করেছেন তিনি। জেমস হ্যান্ডির সর্বশেষ উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল ‘টপ গান: মাভেরিক’। সেখানে তিনি ‘জিমি’ নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন।

জেমস হ্যান্ডির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হলিউডে শোকের ছায়া নেমে আসে। বিনোদন সাংবাদিক জে ববিন তাঁকে স্মরণ করে বলেন, ‘অসাধারণ চরিত্রাভিনেতা জেমস হ্যান্ডির মৃত্যুসংবাদে আমি ভেঙে পড়েছি।’ অন্যদিকে লেখক ও প্রযোজক ডন উইনস্লো যিনি ‘ইউসি: আন্ডারকভার’ সিরিজে হ্যান্ডির সঙ্গে কাজ করেছিলেন, বলেন, ‘তিনি ছিলেন অসাধারণ একজন অভিনেতা। তাঁর অভিনয় সব সময়ই বিশেষ কিছু হয়ে থাকত।’

সূত্র: বিবিসি

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত