ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

এবিএম আবদুল্লাহর এমিরেটাস নিয়োগ বাতিল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:২৭

এবিএম আবদুল্লাহর এমিরেটাস নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

এমিরেটাস অধ্যাপক হিসেবে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ’র আজীবন নিয়োগ বাতিল করে তাকে দুই বছরের বেতন ও ভাতা ফেরত দিতে বলেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়, যা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ছিলেন।

আদেশে বলা হয়, ‘বিধি বহির্ভূত’ বিবেচিত হওয়ায় ২০২৪ সালের ২০ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম সভায় অধ্যাপক আব্দুল্লাহকে অধ্যাপক এমিরেটাস (আজীবন) হিসেবে যে নিয়োগ দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে।

একই সঙ্গে এ আদেশে ওই সভার তারিখ থেকে অধ্যাপক এমিরেটাস হিসেবে নেওয়া তার বেতন-ভাতাদি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমার নিয়োগ বাতিলের আদেশ সত্য। এমন চিঠি পেয়েছি।

“প্রতিহিংসা থেকে আমার নিয়োগ তারা বাতিল করেছে। এটা আজীবনই হয়, তারা এমন করতে পারে না। তারা বেতন ফেরত চেয়ে সবচেয়ে নিচু মানসিকতার পরিচয় দিয়েছে।"

এ বিষয়ক আদেশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেছে, ২০২৪ সালের ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী- ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভার (আলোচ্যসূচী সিন্ডি.৯২.৬ এমিরেটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন) আলোচ্যসূচীর বর্হিভূত, কিন্তু কার্যবিবরণী লিপিবন্ধ। ৯২তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের একজন সদস্যের প্রস্তাবে প্রেক্ষিতে এমিরেটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা হয়।

“একই সিন্ডিকেটে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করে পুনরায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এর নিয়োগ (আজীবন) দেয়া হয়, যা বিধি বহির্ভূত। একই সিন্ডিকেট অধ্যাদেশ সংশোধন করে নিয়োগ অনুমোদন করা যায় না।“

১৯৯৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ডা. আবদুল্লাহ। পরে এ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর এই মেডিসিন বিশেষজ্ঞ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পান।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত