ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ভারি বৃষ্টির কারণে সাজেকে সব পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২১:২০

ভারি বৃষ্টির কারণে সাজেকে সব পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

বান্দরবানের পর এবার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস এবং সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

​নিষেধাজ্ঞা চলাকালীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

​এ ছাড়া পাহাড়ধসের ঝুঁকি থাকায় এই জেলায় চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত