ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

খেলা নিয়ে কটাক্ষের জেরে কুমিল্লায় মিশুক চালককে পিটিয়ে হত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:৩৭

খেলা নিয়ে কটাক্ষের জেরে কুমিল্লায় মিশুক চালককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কটাক্ষ ও ট্রলকে কেন্দ্র করে এক মিশুক চালককে মারধরের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় মঙ্গলবার(৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই সংকর কান্তি দাস জানিয়েছেন।

নিহত ৩২ বছর বয়সী মো. শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

এসআই সংকর বলছেন, “মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল খাওয়ার পরপরই বাবু ও মঈনসহ কয়েকজন শরিফুলকে কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে শরীফুলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।

“এক পর্যায়ে কয়েকজন শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন।”

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলছেন, “ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে।

“তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, “এ ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত