ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়, ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৭:৪৯  
আপডেট :
 ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৭

টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়, ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দলের আক্রমণে ধার ফিরল না। একরকম উত্তাপহীন লড়াইয়ের সব রোমাঞ্চ যেন জমা হলো টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করল সুইজারল্যান্ড।

ভ্যানকুভারে বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জয় পায় সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্র ছিল।

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল সুইজারল্যান্ড। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা সুইসরা শেষ আটে খেলবে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে, যারা টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ জিতেছে।

১২০ মিনিটের লড়াইয়ে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে প্রতিপক্ষের চেয়ে এগিয়েই ছিল কলম্বিয়া। গোলের উদ্দেশে তারা ১৫টি শট নেয়, যার মধ্যে মাত্র তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে সুইজারল্যান্ড সাতটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এরপর টাইব্রেকারেও লক্ষ্যভেদে ভুগতে দেখা যায় কলম্বিয়াকে।

দুই দলই প্রথম শটে সফল হয়। তবে দ্বিতীয় শটে ব্যর্থ হন কলম্বিয়ার দাভিনসন সানচেস। তার শট লক্ষ্যেই ছিল না। সুযোগ কাজে লাগিয়ে জিকি আমদুনি সফল হলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।

কলম্বিয়ার তৃতীয় শট জালে জড়ালেও সুইজারল্যান্ডের তৃতীয় শট নিতে গিয়ে মানুয়েল আকাঞ্জি বল উড়িয়ে মারেন। ফলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

চতুর্থ প্রচেষ্টায় কলম্বিয়ার কুচো এর্নান্দেসের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক গ্রেগর কোবেল। এরপর সেদ্রিক সফল হলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি।

কলম্বিয়ার পরবর্তী শটে লুইস দিয়াস গোল করলে স্কোর ৩-৩ হয়। তবে শেষ শটে রুবেন ভার্গাস বল জালে জড়াতেই নিশ্চিত হয়ে যায় সুইজারল্যান্ডের জয়। শুরু হয় সুইসদের উৎসব।

মূল ম্যাচে প্রথমদিকে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি হয়নি। দুই গোলরক্ষকই ছিলেন প্রায় নির্ভার। প্রথম হাইড্রেশন বিরতির আগে ম্যাচে প্রথম উত্তাপ ছড়ায়। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।

২১তম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগটি পায় কলম্বিয়া। ডি-বক্সের মুখ থেকে গুস্তাভো পুয়ের্তা দূরের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নিলেও ঝাঁপিয়ে সেটি প্রতিহত করেন সুইস গোলরক্ষক।

প্রথম আধা ঘণ্টা তেমন কোনো পরীক্ষা না দেওয়া কামিলো ভার্গাস ৩১তম মিনিটে প্রথমবারের মতো চাপে পড়েন। ফাবিয়ান রিয়েদেরের শট দৃঢ়তার সঙ্গে রুখে দেন তিনি।

দুই মিনিট পর দান এনদোয়ের শটও ঠেকিয়ে দেন ভার্গাস। পাল্টা আক্রমণে লুইস দিয়াসের প্রচেষ্টা সুইস রক্ষণ প্রতিহত করে।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ ও পাল্টা আক্রমণ। তবে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণে বড় ধরনের চাপ তৈরি করতে পারেনি।

এই অর্ধের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগ আসে ৬৩তম মিনিটে। সুইস রক্ষণের ভুলে ডি-বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে যান লুইস সুয়ারেস। সামনে শুধু গোলরক্ষক থাকলেও তার দুর্বল শট লক্ষ্যেই রাখতে পারেননি।

৯৯তম মিনিটে ভাগ্য সহায় হলে এগিয়ে যেতে পারত কলম্বিয়া। কর্নার থেকে লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

পাঁচ মিনিট পর হতাশা বাড়ান লুইস দিয়াস। ডি-বক্সে দারুণ অবস্থানে বল পেয়েও প্রতিপক্ষ গোলরক্ষকের দিকেই শট নেন তিনি।

নির্ধারিত সময়ের শেষ ভাগে ম্যাচের সেরা সুযোগটি পান হামিন্তন কাম্পাস। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়লেও একান্ত সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে সুইজারল্যান্ডের জয়ের নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক গ্রেগর কোবেল। ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সুইসদের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে তুলে দেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত