বঙ্গোপসাগরে মাছ ধরার দুই ট্রলারডুবিতে নিখোঁজ ২
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৮:২৭

নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মঙ্গলবার(৭ জুলাই) রাত ৮টার দিকে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে জানান তালতলী কোস্ট গার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম।
নিখোঁজ জেলেরা হলেন- কালাম পাইকার এবং শহীদ। তারা উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- খলিল মাস্টার, হৃদয় জোমাদ্দার, দুলাল, ইমরান, ফারুক, আল-আমিন, মনির, আশরাফুল, জামাল, ইমরান, শামিম, নাসির, সাগর, আসিফ, নাসির এবং নুরুজ্জামান। সবাই একই ইউনিয়নের বাসিন্দা।
উদ্ধার হওয়া জেলে খলিল মাস্টার বলেন, মঙ্গলবার সকালে দুটি মাছ ধরার ট্রলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে তপন জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারে পাঁচজন জেলে ছিলেন।
উদ্ধার হওয়া আল-আমিন বলেন, “রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলার দুটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে আলমগীর খলিফার ট্রলারটি ডুবে গেলে ওই ট্রলারের জেলেরা জীবন বাঁচাতে তপন জোমাদ্দারের ট্রলারে আশ্রয় নেন। কিন্তু প্রবল ঢেউয়ের আঘাতে দ্বিতীয় ট্রলারটিও ডুবে যায়। এতে আমরা সব জেলে সাগরে ভাসতে থাকি।
“পরে রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে বাকি দুই জেলের এখনও কোনো সন্ধান মেলেনি।”
ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, “প্রশাসনের পাশাপাশি সমিতির পক্ষ থেকেও তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”
কোস্ট গার্ডের আশরাফুল আলম বলেন, “বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে এখনও অভিযান শুরু করা সম্ভব হয়নি। সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
“আবহাওয়া অনুকূলে এলে অভিযান পরিচালনা করা হবে। আমাদের কাছে ১৮ জেলেসহ ট্রলারডুবির তথ্য রয়েছে। তবে ১৬ জনকে উদ্ধার হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য পাইনি।”
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড ও নৌ-পুলিশকে অবহিত করা হয়। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।
উদ্ধার হওয়া ১৬ জেলের চিকিৎসার বিষয়ে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছেন তিনি।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










