ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নরসিংদীতে দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২১:৩৫

নরসিংদীতে দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় টানা ভারি বর্ষণের মধ্যে একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানঝুমা ওই গ্রামের আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্য, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের কাছে দাঁড়িয়ে ছিল তানঝুমা। কয়েক দিনের টানা বর্ষণে ভিজে নরম হয়ে যাওয়া দেয়ালটি হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, তানঝুমার বাবা কর্মসূত্রে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফেরার পর শিশুটির দাফন সম্পন্ন করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ভারি বর্ষণের কারণে মাটির দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত