ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২০:৩৬

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন ও পেশাগত মর্যাদা পর্যায়ক্রমে বৃদ্ধি করার পরিকল্পনা সরকারের আছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন।

বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে আরও কার্যকরভাবে শিক্ষাদান করতে পারেন, সেজন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে সরকারের কর্মসূচি ও পরিকল্পনা রয়েছে।'

সংসদ সদস্য আবুল হাসনাত জানতে চান, বর্তমানে প্রাথমিকের শিক্ষকরা ১১ হাজার ও মাধ্যমিকের শিক্ষকরা ১৬ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন। শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কি না।

প্রধানমন্ত্রী বলেন, 'চলতি বাজেটে মোট জিডিপির ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি এগিয়ে যেতে পারি, তবে পাঁচ বছর শেষে আমরা শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করতে চাই।'

বিগত আমলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'স্বৈরাচারী আমলে শুধু ভবন নির্মাণ করা হয়েছিল। কিন্তু মানবসম্পদের কোনো উন্নয়ন হয়নি। আমি পুরোপুরি একমত যে, আমরা যদি শিক্ষকদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে না পারি, তবে তাদের কাছ থেকে মানসম্মত ফলাফলের আশা করতে পারি না।'

'অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো তাড়াহুড়ো করে ক্লাস শেষ করে দ্বিতীয় কোনো চাকরি বা কৃষিকাজে যান। কারণ তাদের বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো কঠিন। আমরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখেছি,' বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'তারা যেন দ্বিতীয় কোনো পেশায় যুক্ত হতে বাধ্য না হন এবং নিজেদের সময় ও মেধা পুরোপুরি শিক্ষার্থীদের কল্যাণে দিতে পারেন, সেজন্য আমরা মনে করি তাদের সম্মানী বাড়ানো প্রয়োজন। আমরা পর্যায়ক্রমে সেটি করব।'

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ৪ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য ৩ হাজার ৫৯৯ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত