ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

শিক্ষার্থীরা ফের সংসদ ভবনের সামনে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:১১  
আপডেট :
 ১৪ জুলাই ২০২৬, ২১:৫২

শিক্ষার্থীরা ফের সংসদ ভবনের সামনে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান করা এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিলেও পৌনে দুই ঘণ্টা পর ফের তারা সেখানে জড়ো হতে শুরু করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাড়ি চলাচল আটকে দিয়ে সেখানে অবস্থান নেন। এরপর তারা খামারবাড়ি থেকে আসাদগেটের দিকে যাওয়ার রাস্তায়ও অবরোধ করেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের একটি দল সংসদের ভেতরে প্রবেশ করলেও তাদের সঙ্গে দায়িত্বশীল কারো আলোচনা হয়নি বলে প্রতিনিধি দলে থাকা তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী দাবি করেন।

তিনি বলেন, আমাদের কাছে প্রতিনিধি চাওয়া হয়েছে, তারা (সংসদের) ভেতরে ঢুকতেই বাইরে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা দুই ঘণ্টা বসে থাকলেও কোনো সিদ্ধান্ত দেননি। আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, সেই বিষয়টাও তারা স্পষ্ট করে কিছু বলছেন না। দুই ঘণ্টা বসে থাকার পরও কারো সঙ্গে কথা বলতে পারিনি। অথচ দায়িত্বশীলদের সঙ্গে কথা বলতেই আমাদের ভেতরে নেওয়া হয়েছিল।

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবরোধ করেছিলেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা।

অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রাখার ফলে আসাদগেট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেইট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরতদের সরিয়ে দেয় পুলিশ। শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এসময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত