ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

জলাবদ্ধতা-বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা চলবে, স্থগিত নয়: শিক্ষা বোর্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:২৭

জলাবদ্ধতা-বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা চলবে, স্থগিত নয়: শিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা আপাতত স্থগিত করা হচ্ছে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা গ্রহণ বা পরীক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

সোমবার রাতে শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সোমবার দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে প্রায় এক হাজার পরীক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে কেন্দ্রে পৌঁছে ভেজা কাপড়েই তিন ঘণ্টা পরীক্ষা দেন। অনেকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতেও পারেননি।

এ পরিস্থিতিতে পরীক্ষার্থী, অভিভাবক এবং কয়েকটি ছাত্র সংগঠন চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা করেন অনেকেই।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত করা হচ্ছে না। কমিটির মতে, বারবার পরীক্ষা পেছালে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের পরিস্থিতির জন্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয়।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিরূপ আবহাওয়ার মধ্যে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বন্যার কারণে আগে থেকেই চট্টগ্রাম বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে।

সোমবার ছিল চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিন। এদিন পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের যাতায়াতে সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি নৌকা ও দুটি ভ্যানের ব্যবস্থা করা হয়। পরে পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় পরবর্তী পরীক্ষাগুলো নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।

শুধু কুমিল্লাই নয়, রাজধানী ঢাকা, নরসিংদী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় পরীক্ষার্থীরা দুর্ভোগের মধ্যে কেন্দ্রে পৌঁছান। অনেকেই পানি মাড়িয়ে পরীক্ষা দিতে যান।

এ পরিস্থিতিতে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ কয়েকটি ছাত্র সংগঠন এইচএসসি ও সমমানের বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়ে কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত