পেঁয়াজ নিতে র্যাকে হাত দিতেই সাপের ছোবল, গৃহবধূর মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৩:৩৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রান্নাঘরের র্যাকে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে শাহানাজকে সাপে কামড় দেয়। বিকেল সাড়ে চারটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শাহানাজ আক্তার ওই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
নিহত গৃহবধূর স্বজনের বরাতে প্রতিবেশী গিয়াস উদ্দিন বলেন, রোববার দুপুরে শাহানাজ রান্নার কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রান্নাঘরের র্যাক থেকে পেঁয়াজ নেওয়ার জন্য হাত দিতেই তাঁকে ছোবল দেয় বিষধর সাপ। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে তাঁর চিকিৎসার চেষ্টা করেন। পরে বেলা আড়াইটার দিকে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসা চলাকালে রোববার বিকেলে শাহানাজ আক্তারের মৃত্যু হয় বলে জানান নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, তিনি এ ধরনের একটি ঘটনা শুনেছেন। তবে ঘটনাটি স্বজনেরা পুলিশকে জানাননি।
বাংলাদেশ জার্নাল/জে










