চট্টগ্রামে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:১৮ আপডেট : ১২ জুলাই ২০২৬, ২২:২২

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে রোববারও (১২ জুলই) ছয় লাখের বেশি মানুষের পানিবন্দি থাকার তথ্য দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
৫ জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়। এ বন্যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা।
রোববার (১২ জুলই) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, বিভিন্ন স্থানে পানি নামতে শুরু করেছে। তবে তা পুরোপুরি কোথাও নামেনি।
উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ নাঈমুর রহমান রাফি গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে পানি নামা শুরু করেছে। মানুষজনের বাড়ি থেকে পানি নামলেও এখনও সড়কে-উঠানে রয়ে গেছে।
এদিকে সাঙ্গু নদীর পানিও কমতে শুরু করেছে। পানি নেমে গেছে সাতকানিয়া-বান্দরবান সড়ক থেকেও।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় সাঙ্গু নদীর দোহাজারি অংশের পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগরে ৬ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। শনিবারের প্রতিবেদনে ছিল ৬ লাখ ৬২ হাজার।
বাংলাদেশ জার্নাল/সিএম










