ঢাকায় বৃষ্টির তীব্রতা কমে এলেও বাড়বে উত্তরবঙ্গে: আবহাওয়া অধিদপ্তর
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:৫৫ আপডেট : ১২ জুলাই ২০২৬, ২৩:০২

রাজধানী ঢাকায় শনিবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
রোববার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এমন তথ্য জানান।
তবে সোমবার (১৩ জুলাই) দেশের ৬ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারী’ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে 'অতিভারী' বর্ষণ বলা হয়।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, 'গতকাল থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৯৭ মিলিমিটার এবং ভোর ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৯৫ মিলিমিটার।'
'ঢাকা মহানগরীতে আগামীকাল বৃষ্টি কমে আসবে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টি বেশি থাকবে,' বলেন তিনি।
অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টি হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে একটানা ভারী বর্ষণ চলছে।
ঢাকায় অতিবৃষ্টির কারণ জানিয়ে আবহাওয়াবিদ নাজমুল বলেন, 'এখানে একটা লঘুচাপ ছিল। এটা পশ্চিম দিক থেকে বাতাসকে পূর্ব দিকে ধাক্কা দিয়েছে। আর মৌসুমি বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পুশ করেছে। এই দুইয়ের মিলিত প্রভাবে ঢাকা মহানগরীতে বৃষ্টিপাত বেশি হয়েছে।'
'লঘুচাপটি ধীরে ধীরে তার সক্রিয়তা হারিয়ে এত শক্তিশালী থাকবে না,' বলেন তিনি।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকালে বান্দরবান ও চট্টগ্রামের সাঙ্গু, সুনামগঞ্জ ও সিলেটের কুশিয়ারা এবং নেত্রকোণার সোমেশ্বরী নদী ৫টি পর্যবেক্ষণ পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি ধীরগতিতে কমতে থাকবে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীর উন্নতি হতে পারে।
তবে, আগামী ২৪-৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও এসময়ে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বাংলাদেশ জার্নাল/জে










