ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ওমান উপকূলে আক্রান্ত জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৭:৪০

ওমান উপকূলে আক্রান্ত জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার
ছবি: সংগৃহীত

ওমানের পূর্বাঞ্চলীয় জলসীমায় হামলার শিকার হওয়া একটি জাহাজে ভারতের ১১ জন নাগরিক ছিলেন বলে দাবি করেছে নয়াদিল্লি।

রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাহাজে থাকা ১১ ভারতীয় নাগরিকের মধ্যে এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো একজন ভারতীয় নাগরিক নিখোঁজ আছেন।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সি হামলার শিকার হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আগুন ও ইঞ্জিন কক্ষের ক্ষতির কারণে জাহাজটি অচল হয়ে পড়েছে। সেন্টকম এ হামলার জন্য তেহরানকে দায়ী করেছে।

ব্রিটিশ নৌযান চলাচল সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, নাবিকরা আক্রান্ত জাহাজ পরিত্যাগ করে লাইফবোটে আশ্রয় নিয়েছেন।

সংস্থাটি আরও জানায়, হামলার ঘটনাটি ওমানের প্রায় ১৭ কিলোমিটার (১০ মাইল) পূর্বে ঘটেছে।

তেহরান আজ রোববার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে ইরান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাগুলো ‘অত্যন্ত উদ্বেগজনক’।

মন্ত্রণালয় বলেছে, ‘এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে।’

‘আন্তর্জাতিক আইন অনুসারে এ অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে অবাধ ও বাধাহীন নৌচলাচল যত দ্রুত সম্ভব পুনঃস্থাপন করতে হবে।’

নতুন এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া একটি অন্তর্বর্তী চুক্তিকে হুমকির মুখে ফেলেছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রথম দিনের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত