ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ট্রাক উল্টে সড়ক ছড়াল ডিম, কুড়াতে গিয়ে বাস চাপায় নিহত ৫

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:৪৭

ট্রাক উল্টে সড়ক ছড়াল ডিম, কুড়াতে গিয়ে বাস চাপায় নিহত ৫
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ডিমবাহী একটি ট্রাক উল্টে সড়কে ডিম ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা সেগুলো কুড়াতে গেলে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন।

নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের লিটন হোসেনের ছেলে জয়নাল হোসেন (৩০), আঞ্জু শেখের ছেলে ওবায়দুর শেখ (৪৫), বাবলু মিয়ার ছেলে আরিফ মিয়া (৪২), নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের কুদ্দুস মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (২৮) এবং বরগুনা সদর উপজেলার কোটবাড়িয়া ইউনিয়নের তুলশিবাড়িয়া গ্রামের সেলিম খানের ছেলে জালাল খান (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন বলেন, “এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমবাহী ট্রাকটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে ট্রাকটির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। এতে বিপুল পরিমাণ ডিম মহাসড়কে ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে এলে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত সাতজন আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শুভ চক্রবর্তী বলেন, “যাত্রীবাহী বাসটি মহাসড়কে ডিম কুড়াতে থাকা ব্যক্তিদের চাপা দিয়ে চলে যায়। বাসটি দ্রুত গতিতে চলে যায়।”

এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের গণমাধ্যমকে বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আহত ছয়জনকে আনা হয়। এর মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত