১২ জুলাই থেকে মাছরাঙা টেলিভিশনে ‘এক পাতিলের সংসার’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৯:৩৮

নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ ১২ জুলাই থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান।
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রওনক রেজা জুঁই, আহম হাসান, ফারজানা মিথি, শামীম জামান, জয় রাজ, রেজিম সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু, সাদ্দাম মালসহ আরও অনেকে।
নাটকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে।
‘এক পাতিলের সংসার’ নাটকের গল্প আবর্তিত হয়েছে বিলুপ্তপ্রায় একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখ ও নানা সংকটকে ঘিরে।
নয়নপুর গ্রামের আশি বছরের বৃদ্ধ সিরাজ খান প্রচুর সম্পদের মালিক। গ্রামে তার বাড়িটিই সবচেয়ে বড়। বিশাল এই বাড়িতে বসবাস করেন পরিবারের অনেক সদস্য।
সিরাজ খানের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলের নাম মেরাজ এবং ছোট ছেলের নাম এন্তাজ। একমাত্র মেয়ে শাফিয়া। তার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছেন। একমাত্র মেয়ে বুন্দিকে নিয়ে অন্যগ্রাম সখীপুরে থাকেন তিনি। মাঝে মাঝে বাবার বাড়িতে আসেন সম্পত্তির ভাগ চাওয়ার জন্য।
মেরাজ নিঃসন্তান। এ কারণে তার কোনো সম্পত্তির টান নেই। তবে স্ত্রী জাহানারা সম্পত্তির ভাগ ছাড়তে চান না। নিঃসন্তান হওয়ায় মেরাজ ছোট ভাই এন্তাজের মেজো ছেলে কামালকে পালক নিয়েছেন। তাকে লেখাপড়া শিখিয়েছেন। বর্তমানে কামাল চাকরি করেন।
এন্তাজের আরও তিন ছেলে রয়েছে। বড় ছেলে জামাল, মেজো ছেলে হাবিব এবং ছোট ছেলে বদী। তাদের কেউ তেমন লেখাপড়া করেনি। পরিবারের কাউকেই সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি তারা।
জামাল হিসাবি প্রকৃতির মানুষ। তার স্ত্রী রত্না। বাবার বাড়ির প্রতি তার রয়েছে বিশেষ টান। তার বড় ভাই মনজিল তেমন কিছু করেন না। টাকার প্রয়োজন হলে তিনি বোন রত্নার কাছে আসেন। এ নিয়ে সিরাজ খানের পরিবারে নানা প্রতিক্রিয়া ও বিরোধ তৈরি হয়।
নানা ঘটনা ও পারিবারিক টানাপোড়েনের মধ্য দিয়ে দেখা যাবে একটি একান্নবর্তী পরিবারের ভালোবাসা, দ্বন্দ্ব ও সম্পর্কের গল্প।
বাংলাদেশ জার্নাল/এনএম










