ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গণঅর্থায়নে নির্মিত ‘জুলাই ডায়েরিজ’-এর ট্রেলার প্রকাশ

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭:০০  
আপডেট :
 ১১ জুলাই ২০২৬, ১৭:০৭

গণঅর্থায়নে নির্মিত ‘জুলাই ডায়েরিজ’-এর ট্রেলার প্রকাশ
ছবি: সংগৃহীত

জুলাইকে কেন্দ্র করে চট্টগ্রামের একদল তরুণের উদ্যোগে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘জুলাই ডায়েরিজ’। বৃহস্পতিবার, ৯ জুলাই গণঅর্থায়নে নির্মিত এই ছবির ট্রেলার প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি জুলাই মাসেই ছবিটির পূর্ণাঙ্গ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে নির্মিত হলেও দেশের বিভিন্ন প্রান্তের আরও অনেক তরুণ-তরুণী ক্যামেরার সামনে ও পেছনে এই নির্মাণে যুক্ত ছিলেন। সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘বোধ সংযোগ’-এর ব্যানারে নির্মিত ছবিটির নির্বাহী প্রযোজক সাইদুল ইসলাম এবং পরিচালক লিখন দত্ত।

নির্মাতারা জানান, কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নের পরিবর্তে গণঅর্থায়নের মাধ্যমে ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে পরিচালক লিখন দত্ত বলেন, “ছবির অর্থায়নের সঙ্গে নির্মাণে হস্তক্ষেপেরও একটা বিষয় চলে আসে। যেহেতু এটি রাজনৈতিক ছবি এবং আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বাইরে গিয়ে জনতার বয়ান তুলে ধরতে চেয়েছি, তাই গণঅর্থায়নের পথ বেছে নিই।”

সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের ২০ তারিখের দিকে ছবিটির প্রদর্শনী শুরু হতে পারে। প্রদর্শনীর পরিকল্পনা নিয়ে নির্বাহী প্রযোজক সাইদুল ইসলাম বলেন, “এই ছবির অর্থায়ন কোনো একক ব্যক্তির পয়সায় হয়নি। প্রদর্শনীতেও সেই ধারা অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা আগ্রহীদের যোগাযোগ করতে বলেছি। চাই জুলাই জুড়ে সারাদেশে এই ছবি দেখানো হোক।”

নির্মাতাদের প্রকাশিত বিবরণ অনুযায়ী, ছবিটির গবেষণার কাজ শুরু হয় গত বছরের জানুয়ারি মাসে। অর্থ সংগ্রহের জন্য অনলাইনে প্রচারণা চালানো হয় এবং ‘বোধ সংযোগ’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ম্যাগাজিন বিক্রির চেয়ে আর্থিক সহায়তাকারীদের একটি কপি উপহার দেওয়াই ছিল এর প্রধান উদ্দেশ্য।

তারা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষার ফাঁকে ফাঁকে চিত্রধারণের কাজ সম্পন্ন করা হয়। চলতি বছরের কোরবানির সময় থেকে একটানা সম্পাদনার মাধ্যমে নির্মাণকাজ শেষ করা হয়েছে।

ছবিটির বিষয়ে নির্মাতারা দাবি করেছেন, এটি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে জুলাইকে দেখার চেষ্টা করেছে। তাদের ভাষ্যে, ইতিহাসকে কেবল ব্যক্তি বা রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে নয়, বরং সাধারণ মানুষের অভিজ্ঞতা ও অংশগ্রহণের আলোকে তুলে ধরার প্রয়াস রয়েছে এই তথ্যচিত্রে।

নির্মাতারা আরও জানিয়েছেন, তারা চান ছবিটি শুধু অডিটোরিয়ামে সীমাবদ্ধ না থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শ্রমজীবী মানুষের মাঝে এবং দেশের বিভিন্ন অঞ্চলে উন্মুক্তভাবে প্রদর্শিত হোক। এ লক্ষ্যে চলচ্চিত্র সংসদ, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ক্লাব এবং ব্যক্তি উদ্যোগে প্রদর্শনীর জন্য আগ্রহীদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত