ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বন্যা পূর্বাভাস কেন্দ্র

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:০৫  
আপডেট :
 ১১ জুলাই ২০২৬, ১১:০৮

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১০ জুলাই) সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীসমূহের পানি সমতল কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে এবং মনু নদীর পানি সমতল মৌলভীবাজার পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতল ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। অপরদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস ইত্যাদি নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এবং সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়াও আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারি এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত