ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

তাসকিন-শরিফুলের দাপটে চাপে জিম্বাবুয়ে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৬:০০

তাসকিন-শরিফুলের দাপটে চাপে জিম্বাবুয়ে
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার বৃত্ত ভাঙতে শনিবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে সফরকারীরা। তাই হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামে মেহেদী হাসান মিরাজের দল।

টস জিতে টানা তৃতীয়বারের মতো আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস শেষে তিনি বলেন, শেষ ম্যাচে দলের বোলিংয়ে হতাশ ছিলেন এবং এবার টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় জুটির প্রত্যাশা করছেন।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরে সুযোগ পান মোহাম্মদ সাইফ উদ্দিন। তার সঙ্গে একাদশে ফেরেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। একাদশের বাইরে থাকেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।

অন্যদিকে জিম্বাবুয়ে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেন সিকান্দার রাজা।

বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। ষষ্ঠ ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন কারানকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ১৩ বলে মাত্র ২ রান করেন কারান।

এরপর সপ্তম ওভারে তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন ব্রায়ান বেনেট। ১৯ বলে একটি চারসহ ৬ রান করেন তিনি।

শরিফুল দ্বিতীয় সাফল্য পান ১৩তম ওভারে। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হন ক্রেইগ আরভিন। ২০ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

১৫তম ওভারে ওয়েসলি মাধেভেরে শূন্য রানে জীবন পান। তানভির ইসলামের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ নিতে পারেননি বদলি ফিল্ডার রিশাদ হোসেন।

এরপর ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভেরে চতুর্থ উইকেটে ৮২ বলে ৫১ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে কিছুটা স্থিতি এনে দেন। তবে আক্রমণে ফিরে সেই জুটি ভেঙে দেন তাসকিন আহমেদ। শর্ট বলে ছক্কা হাঁকাতে গিয়ে স্কয়ার লেগে তানভির ইসলামের হাতে ক্যাচ দেন কাইয়া। ৬৭ বলে একটি চারসহ ২৫ রান করেন তিনি।

এর আগে তানভির ইসলামের শেষ ওভারেও কাইয়াকে ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছিল। তবে স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

২৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৭৮ রান। ওয়েসলি মাধেভেরে অপরাজিত থেকে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন। তার সঙ্গে ক্রিজে ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত