ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

নাটকীয় ধসে বাংলাদেশের সিরিজ হার

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২২:১৫

নাটকীয় ধসে বাংলাদেশের সিরিজ হার
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত নাটকীয় ধসে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও হারল মেহেদী হাসান মিরাজের দল।

জিম্বাবুয়ের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

একসময় বাংলাদেশের সমীকরণ ছিল ৪৯ বলে ৪১ রান, হাতে পাঁচ উইকেট। কিন্তু সেখান থেকে শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ২৭ রানে। নাটকীয় এই ধসের শুরু হয় নুরুল হাসান সোহানের বিদায়ে। এরপর নিম্নক্রমের ব্যাটাররা দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।

শেষ ব্যাটার হিসেবে আউট হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রিচার্ড এনগারাভার শর্ট বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ক্যাচ দেন তিনি। ৩৩ বলে তিনটি চারে ২৭ রান করেন মিরাজ।

এর আগে ওপেনার সৌম্য সরকার আবারও ব্যর্থ হন। ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ১০ বলে ৫ রান করে ফেরেন তিনি। এরপর নাজমুল হোসেন শান্তও ১৬ বলে ৯ রান করে ব্র্যাড ইভান্সের শিকার হন।

চাপের মুখে ইনিংস সামলান তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে ১০৮ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। তানজিদ ৭০ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫৭ রান করেন। অন্যদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে তাওহিদ হৃদয় ৯০ বলে পাঁচ চারে ৬০ রান করে আউট হন।

পরে নুরুল হাসান সোহান ৪১ বলে ছয় চারে ৩৮ রানের কার্যকর ইনিংস খেললেও অপ্রয়োজনীয় বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। তার বিদায়ের পরই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে।

মোসাদ্দেক হোসেন ৯ বলে ৭, রিশাদ হোসেন ১৫ বলে ৮, তাসকিন আহমেদ শূন্য এবং শরিফুল ইসলাম ৪ বলে ৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত নাহিদ রানা অপরাজিত থাকলেও দলকে হার এড়াতে পারেননি।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ৩টি, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে বেন কারান ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। শেষদিকে ব্র্যাড ইভান্স ৩৮ বলে পাঁচ ছক্কা ও দুই চারে অপরাজিত ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। দুজন মিলে সপ্তম উইকেটে ৮০ বলে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২টি, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন। তবে শেষ পাঁচ ওভারে ৬০ রান দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সফরকারীরা।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল জিম্বাবুয়ে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত