আওয়ারাপন এর সিকুয়েল ‘আওয়ারাপন ২’ কি ফিরিয়ে আনবে ইমরানের সোনালি সময়
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৮:৪৫ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৯:৪৮

বলিউডের জনপ্রিয় কাল্ট সিনেমা ‘আওয়ারাপন’-এর প্রায় ১৯ বছর পর আসছে এর সিকুয়েল ‘আওয়ারাপন ২’। ছবিটির মাধ্যমে আবারও প্রধান চরিত্রে ফিরছেন অভিনেতা ইমরান হাশমি।
আওয়ারাপন ২ এর দৃশ্য
প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী দিশা পাটানি। ছবির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি।

২০০৭ সালে মুক্তি পাওয়া মোহিত সুরি পরিচালিত ‘আওয়ারাপন’ মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তীতে এটি দর্শকদের কাছে কাল্ট মর্যাদা লাভ করে। ছবির গল্প, ইমরান হাশমির অভিনয় এবং গানগুলো আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
তবে সিকুয়েলে পরিচালকের আসনে নেই মোহিত সুরি। এবার ছবিটি পরিচালনা করছেন নীতিন কাক্কর। প্রযোজক হিসেবে রয়েছেন মুকেশ ভাট।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির আগে টানা এক মাস ধরে চলবে ছবির প্রচার কার্যক্রম।
প্রথমে চলতি বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, বড় বাজেটের ‘ধুরন্ধর’ ও ‘টক্সিক’ ছবির সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’।
প্রথম ছবির মতো এবারও সংগীতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন রোমান্টিক গানের পাশাপাশি ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গানের নতুন সংস্করণও ছবিতে রাখা হতে পারে বলে জানা গেছে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি। বলিউড বিশ্লেষকদের মতে, ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। একই সঙ্গে দিশা পাটানির জন্যও এটি বড় একটি পরীক্ষা। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ জার্নাল/এসআইপি










