দিল্লিতে বৃষ্টিতে ভবন ধস, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৭:০২

ভারতের রাজধানী দিল্লিতে ভারি বৃষ্টির মধ্যে একটি ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছে। দেশটির কিছু অংশে কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টির মধ্যে ভূমিধস ও ভ্রমণের বিঘ্নের মতো ঘটনা ঘটছে।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লির রোহিনি এলাকায় চারতলা একটি ভবন ধসে পড়ে। এতে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়েছিল, দমকল কর্মীরা তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তিনজনের মৃত্যু হয়।
খবরে প্রকাশ, দমকল কর্মীরা যাওয়ার আগেই স্থানীয়রা চাপা পড়া আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তারও মৃত্যু হয়। উদ্ধার পাওয়া অপর একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভারতের আবহাওয়া দপ্তর দিল্লির কিছু অংশে ও প্রতিবেশী রাজ্য হরিয়ানায় ‘রেড অ্যালার্ট’ জারি করে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
দিল্লি বিমানবন্দর যাত্রীদের অতিরিক্ত সময়ে হাতে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়ার পরামর্শ দিয়েছে, কারণ বিমানবন্দরের যাওয়ার অনেকগুলো সড়ক পানিতে ডুবে আছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানাদে মঙ্গলবার এক ভূমিধসের ঘটনায় অন্ততপক্ষে চারজন নিহত হয়। পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আরও অন্তত ১৩ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রের পুনের এক বর্জ্য শোধন কেন্দ্রে আবর্জনার একটি বিশাল স্তূপ ধসে পড়ে অন্তত ১৬ জন চাপা পড়ে। তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা গেলেও বাকি নয়জন আটকা পড়ে ছিলেন।
এর পাশাপাশি ভারি বৃষ্টির মধ্যে দেশটির গুজরাট রাজ্য ও আগ্রা শহরের বহু এলাকা তলিয়ে গেছে।
বাংলাদেশ জার্নাল/এনএম










