কারানের সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ, সামনে ২৪৮ রানের লক্ষ্য
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৮:১৫

শুরুতেই আউট হয়ে গেলেন সৌম্য সরকার। মুজারাবানির হঠাৎ লাফিয়ে উঠা বলটা ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ব্যাটের কানা ছুয়ে ক্যাচ গেছে স্লিপে। ১৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ৭ ওভার শেষে এক ওইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১ রান।
হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা দারুণ করে সফরকারীরা। তাসকিন আহমেদ প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে বোল্ড করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন। এরপর নিজের পরের স্পেলে ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়ে দেন তিনি।
এরপর নাহিদ রানার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন ক্রেইগ আরভিন। মাত্র তিন ওভারেই দুই উইকেট হারিয়ে জিম্বাবুয়ে শুরুতে চাপে পড়ে যায়।
চতুর্থ উইকেটে বেন কারান ও ওয়েসলি মাধাভেরে ৪৫ বলে ৩৪ রানের জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১৭.৪ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন মাধাভেরে।
এরপর কারানের সঙ্গে সিকান্দার রাজার ৯৫ বলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে। এই জুটিও ভাঙেন মিরাজ। ৫৫ বলে ৩৩ রান করে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দেন রাজা।
একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন বেন কারান। তাসকিন আহমেদকে টানা দুই চার মেরে ১৩৫ বলে নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৩৫ বলে ১১১ রানের অসাধারণ ইনিংস খেলেন।
শেষদিকে ব্রেড ইভান্স ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের চিত্র বদলে দেন। মাত্র ৩৮ বলে ৫৮ রান করেন তিনি। বিশেষ করে তাসকিন আহমেদের শেষ ওভারে ২২ রান তুলে জিম্বাবুয়ের সংগ্রহ আরও বড় করেন।
নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৮ রান।
এর আগে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই।
এই ম্যাচে প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন আনে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পান বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
বাংলাদেশের একাদশে রয়েছেন তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশ জার্নাল/এনএম










