ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রাম-কক্সবাজার পথে ট্রেন চলতে পারে রোববার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২২:১৯

চট্টগ্রাম-কক্সবাজার পথে ট্রেন চলতে পারে রোববার

রেললাইন সংস্কারের কাজ শেষ হলে রোববার থেকে চট্টগ্রাম-কক্সবাজার পথে আবার ট্রেন চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানান বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ।

তিনি বলেন, এখন রেললাইন পানি কমে চার ইঞ্চিতে দাঁড়িয়েছে, লাইন মেরামতের কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে আবার চট্টগ্রাম-কক্সবাজার পথে ট্রেন চলাচল শুরু হতে পারে। তবে এই পথে প্রথম কোন ট্রেনটি চলবে এবং চট্টগ্রাম নাকি কক্সবাজার থেকে প্রথম ট্রেন রওনা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি, বলেন ফারহান মাহমুদ।

এর আগে বুধবার চট্টগ্রাম সফরে এসে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছিলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং রেললাইন থেকে পানি না সরা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সে দিন দুপুরে চট্টগ্রামের ষোলশহরের শমসের পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পানি জমে থাকা অংশ পরিদর্শন শেষে চট্টগ্রাম রেল স্টেশনে ফিরে প্রতিমন্ত্রী ওই কথা বলেন।

চট্টগ্রামে মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। প্রবল বর্ষণে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা।

এ পরিস্থিতির মধ্যে নগরীর ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া সংলগ্ন এলাকায় রেললাইনে পানি ওঠায় আটকা পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’। এছাড়া রেললাইনের ওপর একটি গাছও ভেঙে পড়ে।

পরে মঙ্গলবার বিকাল ৪টার দিকে ট্রেনটিকে ষোলশহর স্টেশনে ফিরিয়ে আনা হয়। রাত ৯টার দিকে ট্রেনটিকে ফিরিয়ে নেওয়া হয় চট্টগ্রাম স্টেশনে। দিনভর যাত্রীদের চরম ভোগান্তির পর রাত ১১টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

অন্যদিকে সে দিন রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বুধবার ভোরে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। কিন্তু বুধবার সকালেও রেলললাইনের ওই অংশে পানি থাকায় ট্রেনটি কক্সবাজারের পথে যেতে পারেনি। পরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রাও বাতিল করা হয়।

একই কারণে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ এবং সেদিন রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত