ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ডিএসইতে ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৮:০৮

ডিএসইতে ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
ছবি: সংগৃহীত

বিনিয়োগ খরায় ভুগতে থাকা দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছে, যা ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ২০২৪ সালের ১১ অগাস্ট ২ হাজার ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেটিই ছিল সর্বোচ্চ লেনদেন।

রোববার লেনদেনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শেয়ার দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যাও।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৯ পয়েন্টে। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৮০৪ পয়েন্ট।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পরপর তিন দিন ১২০০ কোটি টাকার বেশি করে লেনদেন হয়। এরপর ২২ এপ্রিল পর্যন্ত ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল।

কোরবানির ঈদের ছুটি শেষে গেল কয়েকদিন লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছুঁই ছুঁই করছিল। বাজেটের মাসের শুরুতে ২ জুন থেকে লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে মাঝে ২২, ২৩ ও ২৪ জুন লেনদেন হাজার কোটির নিচে হয়।

রোববার ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হয় ৩৫ কোটি ৫২ লাখ টাকার।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৫৬টির এবং আগের দরে লেনদেন করে ৩৭টি।

এদিন বিমা, বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়।

দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে সর্বোচ্চ শেয়ার দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্সের। কোম্পানিটির দর ৯ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হাতবদল হয় ৪১ টাকা ৫০ পয়সা দরে। আগের দিন শেয়ারটির দর ছিল ৩৭ টাকা ৮০ পয়সা।

দাম বৃদ্ধিতে এর পরের অবস্থানে ছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে ছিল অ্যাপোলো ইস্পাত, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ ও ইনটেক লিমিটেড।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত