দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৯:৫১

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রাম থেকে শাহানারা বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত জাহিদ হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহানারা বেগমের স্বামী মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে যান এবং সম্প্রতি দেশে ফিরে আসেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দেবহাটা থানায় ১৪ নম্বর ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/জে










