ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

সারাদেশে ভারি বৃষ্টির আভাস, সতর্কতায় নদীবন্দর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১১:৪৭  
আপডেট :
 ২১ জুলাই ২০২৬, ১২:২৯

সারাদেশে ভারি বৃষ্টির আভাস, সতর্কতায় নদীবন্দর
ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে বলেন, ‘‘সার্বিকভাবে বৃষ্টিপ্রবণতা কমে এলেও তা দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় বেশিই থাকবে।

আমাদের আটটি বিভাগেই ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা নির্দিষ্ট কোনো জায়গার কথা না বলে সারাদেশেই কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা বলি।”

আবহাওয়ার সকালের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বিস্তৃত আছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বাংলাদেশের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনার মোংলায়। এছাড়া চাঁদপুরে ৯৩ মিলিমিটার, দিনাজপুরে ৮৪, পটুয়াখালীর খেপুপাড়ায় ৭৭, রাজশাহীতে ৬৪, বরিশালে ৬২, সিলেটে ৫৭, খুলনার কয়রায় ৪৭, গোপালগঞ্জে ৪৪ মিটারসহ সারাদেশেই কম-বেশি বৃষ্টি ঝরেছে।

এসময়ে সর্বোচ্চ ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে যশোরে। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দেখা মিলেছে সিলেটে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত