নাটকে প্রেম, দ্রোহ ও মানবতার বার্তা ছড়ান নূর হোসেন রানা
তিন যুগ ধরে নাট্যচর্চায় নূর হোসেন রানা
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৪:০৪ আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৪:৩৭

নূর হোসেন রানা, জেনেসিস থিয়েটার, নাটক, মুক্তিযুদ্ধ, কাজী নজরুল ইসলাম, নাট্যকার, নির্দেশক, বিটিভি, সংস্কৃতি, মঞ্চনাটক। নজরুলভিত্তিক নাটক ও সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিক কাজের কারণে, জাতীয় কবিকে কেন্দ্র করে যে কোনো উৎসব বা আয়োজনের ক্ষেত্রে নূর হোসেন রানা এখন একটি সুপরিচিত নাম।
২৫ থেকে ২৮ জুলাই আয়োজিত বাঁশরীর নাট্যোৎসবে ২৭ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নূর হোসেন রানার নির্দেশনায় জেনেসিস থিয়েটারের নজরুলের নাটক ‘সকাল বেলার পাখি’।

প্রায় তিন দশক ধরে নাট্যচর্চার মাধ্যমে প্রেম, দ্রোহ ও মানবতার বার্তা ছড়িয়ে যাচ্ছেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা নূর হোসেন রানা। মঞ্চ, টেলিভিশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাঁর বহুমাত্রিক কাজ তাকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত করেছে।
“নাটক হোক প্রেম-দ্রোহ, বিশ্ব মানবতার স্বপক্ষে”—এই স্লোগানকে ধারণ করে প্রায় তিন যুগ ধরে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে চলেছেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও নাট্যসংগঠক নূর হোসেন রানা।
মাঠপর্যায়ের পরিবেশনা থেকে শুরু করে মঞ্চ, মিলনায়তন এবং বিভিন্ন গণমাধ্যমে তিনি ধারাবাহিকভাবে নাট্যচর্চা ও সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করে আসছেন। জাতীয় দিবস, বিভিন্ন উৎসব এবং বরেণ্য ব্যক্তিদের স্মরণে নানা আয়োজনের মাধ্যমে নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন তিনি।
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মো. হাফিজউদ্দিনের সহকারী পরিচালক হিসেবে কাজ করা নূর হোসেন রানা ১৯৯০ সালে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালোচিল’ পরিবেশনের মধ্য দিয়ে তাঁর সাংস্কৃতিক পথচলা শুরু করেন। সেই যাত্রা শুরু হয়েছিল জেনেসিসের হাত ধরে, যা বর্তমানে জেনেসিস থিয়েটার নামে পরিচিত।
পরবর্তীতে তিনি মঞ্চে নিয়ে আসেন নারী জাগরণভিত্তিক ‘একজন আমেনা’, ইতিহাসনির্ভর ‘বায়ান্নর উত্তরসূরি’, ‘শহীদ মিনার থেকে’ এবং ‘যুদ্ধে যাবো মা’-সহ একাধিক নাটক।
বাংলাদেশ টেলিভিশনের জন্য শিশু-কিশোরদের উপযোগী ‘সীমান্তের ওপারে,’ ‘আমার খোকা যুদ্ধে গেলো’, ‘সূর্যোদয়ের আগে’, ‘যুদ্ধে যাবো মা’ এবং ‘ফেলু মামা’ নাটক নির্মাণ করেন তিনি।
এ ছাড়া ‘পড়ন্ত বিকেল’, ‘হারান মাঝি’ এবং ‘একজন কুসুমের গল্প’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন।পুরাতন ঢাকার কৃতী সন্তান নূর হোসেন রানা নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও নাট্যসংগঠক হিসেবে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতাও।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা ও জীবন অবলম্বনে তিনি নির্মাণ করেছেন ‘লিচু চোর’, ‘খুকি ও কাঠবিড়ালি’, ‘দামাল ছেলে নজরুল’, ‘সকালবেলার পাখি’, ‘দুরন্ত নজরুল’, ‘নবার নামতা’, ‘বাঁধনহারা’ এবং ‘তোতনের ইচ্ছে’ নাটক।
এ ছাড়া তিনি ‘দেখবো এবার জগৎটাকে’ শিরোনামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানও নির্মাণ করেছেন।বাংলাদেশ জার্নাল/এনএম










