রাবি শিক্ষার্থীকে মারধরে অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১১:১৩ আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:৩১

ট্রেন টিকেট পরীক্ষক-টিটিইয়ের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার দফা দাবিতে রেললাইন অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চারুকলা এলাকার রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘‘রেললাইন অবরোধ করে রাখায় ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকে আছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন দুটি ছেড়ে যেতে পারেনি।
এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি”।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দীন বলেন, ‘‘সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়া অর্থ আদায় করা হচ্ছিল। প্রতিবাদ করলে দায়িত্বরত এক টিটিই তাকে মারধর করেন।’’
পরে তিনিসহ কয়েকজন বিষয়টি রেলওয়ে পশ্চিমাঞ্চলের অফিসে উপস্থাপন করলেও ইতিবাচক সাড়া পাননি। তাই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রেললাইন অবরোধ করেছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা চারটি দাবি জানিয়েছেন। সেগুলো হলো- টিটিইকে উপস্থিত করতে হবে; ঘুষ গ্রহণের অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে এবং শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রেল কর্তৃপক্ষকে বাদী হয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।
রেলপথ অবরোধে একাত্মতা জানিয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, “আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান পদ্মা এক্সপ্রেসে টিটিইয়ের মারধরের শিকার হয়েছেন। তার অপরাধ ছিল সরকারি রসিদ ছাড়া অর্থ আদায় এবং টিকিটবিহীন যাত্রীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদ করা।
“ওই টিটিইকে উপস্থিত করে আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।”
আন্দোলনে অংশ নেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় তাদের এক সহপাঠী মারধরের শিকার হয়েছেন। রেলে অনিয়ম ও প্রতিবাদকারীদের হেনস্তা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “আমাদের একজন শিক্ষার্থীকে পদ্মা ট্রেনে দায়িত্বরত টিটিই মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে রেল অবরোধের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রেল কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বাংলাদেশ জার্নাল/এনএম










