জর্ডানে একাধিক মার্কিন সেনাকে হত্যার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৬:২৩

জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে হত্যা করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
মঙ্গলবার (২১ জুলাই) আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আগ্রাসী’ মার্কিন বাহিনীর বিরুদ্ধে চলমান ‘অপারেশন নাসর ২’-এর অংশ হিসেবে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-রুকবানে মার্কিন সেনাদের আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের অভিযান সফল হয়েছে। আল-রুকবানের ওই আবাসিক কমপ্লেক্সে বহু মার্কিন সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এই বিবৃতি প্রকাশ করা হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা জর্ডানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। টানা ৪০ দিন সংঘাত চলার পর ৭ এপ্রিল উভয়পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। এর দুই মাসেরও বেশি সময় পর পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তবে শান্তি স্থায়ী হয়নি। গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালায় আইআরজিসি। এর জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বোমা হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সেন্টকম।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। উভয়পক্ষের মধ্যে সংঘাত এখনও অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
বাংলাদেশ জার্নাল/জে










