৮ ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল স্বাভাবিক
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৮:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্রায় ৮ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করায় ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয় প্রশাসন, রেল কর্তৃপক্ষ ও রাবি প্রশাসনের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকের পর আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
তবে, অবরোধের কারণে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের আজকের ট্রেন বাতিল করা হয়েছে।
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট পরিদর্শকের (টিটিই) বিরুদ্ধে এক রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পর সকালে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীদের একটি অংশ।
বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবরোধ করায় দিনব্যাপী রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।
পরে দুপুরের দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে বসেন রাবি প্রক্টর ও উপ-উপাচার্য, শিক্ষার্থী প্রতিনিধি, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো—রাতের 'পদ্মা এক্সপ্রেস', 'তিতুমীর এক্সপ্রেস' ও 'সাগরদাঁড়ী এক্সপ্রেস' ট্রেনের রাবি স্টেশনে স্টপেজ দেওয়া, ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহী স্টেশন পর্যন্ত শাটল বাস সেবা চালু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সঙ্গে সমন্বয় করে আহত শিক্ষার্থীর প্রয়োজনীয় সব চিকিৎসার খরচ রেলওয়ের মাধ্যমে নিশ্চিত করা।
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক জিয়াউল আহসান বলেন, 'বিলম্বিত ট্রেনগুলো একে একে ছেড়ে যাবে এবং ধীরে ধীরে ট্রেন সূচি স্বাভাবিক হয়ে আসবে।'
অভিযুক্ত টিটিইকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
ভুক্তভোগী রাবি আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান উদ্দিনের অভিযোগ, গতকাল সোমবার পদ্মা এক্সপ্রেসে সরকারি রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়।
রেল কর্তৃপক্ষ বৈঠকে জানায়, ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম অঞ্চল) সদর দপ্তর ইতোমধ্যে ৩ সদস্যের কমিটি গঠন করেছে। সাময়িক বরখাস্ত টিটিইর কোনো গাফিলতি ছিল কি না, কমিটি তা খতিয়ে দেখবে।
বাংলাদেশ জার্নাল/জে










