রাজারবাগে কুপিয়ে যুবককে হত্যা
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩

রাজধানীর রাজারবাগ এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। প্রতিবেশীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. পলাশের (৩৪) গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম। পলাশ সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় থাকতেন। তিনি আগে ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন, তবে বর্তমানে কোনো পেশায় যুক্ত ছিলেন না।
প্রতিবেশীদের দাবি, পলাশ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেননি।
পলাশকে হাসপাতালে নিয়ে যাওয়া তার প্রতিবেশী মো. হীরা গণমাধ্যমকে বলেন, “সন্ধ্যায় রাজারবাগ বাজারের পানির পাম্পের একটি মুদি দোকানে বসেছিলেন পলাশ। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ১০ থেকে ১২ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে পলাশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া বুকে ছুরি দিয়ে দুটি আঘাত করে এবং মাথায় আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
“রক্তাক্ত অবস্থায় পলাশকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”
বাংলাদেশ জার্নাল/এনএম










