পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৯:০৪

নিরাপত্তা চেয়ে ঢাকার বনানী থানায় ফ্যাশন মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার(২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে এ নির্দেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল।
তিনি বলেন, “আজ জিডির তদন্ত প্রসঙ্গে অনুমতির বিষয়ে শুনানি ছিল। পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন। আদালত জিডির বিষয়ে বনানী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।”
গত ৮ জুলাই পিয়া বনানী থানায় জিডি করেন। সেখানে তিনি দাবি করেন, অতীত বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন। তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। সম্প্রতি এক নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান গ্রহণ করার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও আপত্তিকর বার্তা পাচ্ছেন। এছাড়া অজ্ঞাত একাধিক ব্যক্তির কাছ থেকে হুমকিমূলক ফোনকল আসছে।
শুধু তাই নয়, প্রায় তিন মাস ধরে লক্ষ্য করছেন, কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ও আতঙ্ক বোধ করছেন।
যে কোনো সময় তার বা তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তাই নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ পুলিশি সুরক্ষা কামনা করেন পিয়া জান্নাতুল।
এর আগে গত রোববার জুলাই আন্দোলনের সময় ‘মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির’ অভিযোগে অভিনেতা, সাংবাদিক, উপস্থাপক ও সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। সেখানে পিয়া জান্নাতুলের নামও রয়েছে।
রাষ্ট্র সংস্কার ফোরাম (এসডিএফ) নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি জমা দেন।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










