গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না: শিক্ষা প্রতিমন্ত্রী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৯:০৩

একজন শিক্ষকের গান গাওয়াকে অন্যায় মনে করেন না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার সিলেটে এক অনুষ্ঠান শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের ফেসবুক রিল ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি ভিডিওটি দেখিনি। আমার সোশ্যাল মিডিয়াও নেই। তবে কয়েকজন আমাকে বলেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও আপলোড করেছেন। এটিতে কোন অশ্লীলতা নেই। যদি অশ্লীলতা না থাকে তাহলে গান গাওয়া অন্যায়—এটি আর কেউ মানুক না মানুক আমি মানতে রাজি না। বাকি ভিডিওটি আমি দেখিনি, এটি নিয়ে আমি মন্তব্য করতে পারি না, বলেন প্রতিমন্ত্রী।
গত বৃহস্পতিবার ফেসবুকে ওই রিল ভিডিওটি প্রকাশ করেন প্রধান শিক্ষক বিউটি রাণী পাল। এরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা বা সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখারও সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় শিক্ষা প্রশাসন।
এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা।
এদিকে, বিউটি রাণী পালের রিলস নিয়ে সমালোচনার জবাবে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারাও সংহতি প্রকাশ করছেন। তারা ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানটি ব্যবহার করে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে রিল প্রকাশ করছেন।
বাংলাদেশ জার্নাল/সিএম










