ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২২:২২

কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত

কুমিল্লায় চরের দখল নিয়ে তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় টেটাবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।

রোববার (২৬ জুলাই) রাতে মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর এবং তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামবাসীর মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ হয়।

নিহত কোহিনুর বেগম (৪৫) মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামের মো. কাবিল মিয়া স্ত্রী।

পুলিশ জানায়, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে এবং নতুন ভাটেরারচর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশের একটি চর দখল নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। রোববার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরবিনোদপুর, আলীপুর ও নতুন ভাটেরারচরের লোকজন আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় ঘটনাস্থল ভাটেরারচরের বাড়িঘরও ভাঙচুর করা হয়। খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

তবে নতুন ভাটেরারচর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও যে কোনো সময় বড় ধরনের হামলা ও ভাঙচুরের আশঙ্কা করছেন নতুন ভাটেরারচর গ্রামের নারী-পুরুষ।

তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মেঘনা ও তিতাস দুই থানার পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য কাজ করছে প্রশাসন।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুপস্থিতিতে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, আগেও দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে এই চর দখল নিয়ে মারামারি হয়েছে। দুই উপজেলা প্রশাসন ও থানা থেকে যেন পরবর্তীতে আর কোনো সংঘর্ষ না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত