ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

কেউ অন্যায়ের শিকার হোক সেটা চাইব না: আইনমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৬:৪২

কেউ অন্যায়ের শিকার হোক সেটা চাইব না: আইনমন্ত্রী

পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেউ অন্যায়ের শিকার হোক সেটাও সরকার চাইবে না।

সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবে-এই ভরসাটুকু প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ওপরে রাখতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একইসাথে আমরা কাউকে অন্যায়ভাবে…কেউ অন্যায়ের শিকার হোক সেটাও চাইব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে, সেটা সরকার যথাসময়ে নেবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১১০০ জন নবাগত আইনজীবীর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোববার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

সে সময় রাষ্ট্রপতি নির্বাচন কবে হতে পারে জানতে চাইলে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১২৩ এর (২) অনুচ্ছেদ অনুসারে ৯০ দিনের মধ্যে হওয়ার কথা, যেদিন পদত্যাগ করেছেন ওইদিন হতে।

পদত্যাগী রাষ্ট্রপতির চিকিৎসার জন্য বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা বা আইনগত বাধা আছে কী না তা জানতে চান এক সাংবাদিক।

আইনমন্ত্রী বলেন, ওটা হোম মিনিস্ট্রি জানবে। এগুলো কনফিডেনশিয়াল বিষয়, এটা পাবলিকলি এভাবে আমরা বলতে পারব না। কার নিষেধাজ্ঞা আছে, সেটা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যথাসময়ে প্রকাশ করা হবে।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ সাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দাবি উঠতেই পারে। উনারা নিশ্চয় দাবি করতে পারেন। সেটা আইনসঙ্গতভাবে আমরা দেখব, উনাদের দাবি কতটুকু যৌক্তিক।

চব্বিশের আন্দোলনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বাইরে যে মামলাগুলো চলছে সেগুলোর অগ্রগতি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ‘অসন্তোষ আছে’বলে এ সময় জানিয়েছেন এক সাংবাদিক। এই বিষয়ে কি করা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটা আমরা ফাস্ট ট্র্যাকে নেওয়ার চেষ্টা করছি এবং ফাস্ট ট্র্যাকে যাবে অচিরেই। আপনার দেখতে পাবেন।

মিথ্যা মামলার অভিযোগের বিষয়ে কি করা হবে প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সেগুলোও যাচাই বাছাই করছি। ইতিমধ্যে আমাদের সংসদে ফৌজদারি কার্যবিধির ১৭৩ এর (এ) ধারা সংযোজন করে আমরা আইন পাস করেছি। আপনারা তথ্য নেন, এই সরকারের আমলে এসে পুলিশ বাদী হয়ে কোনো মামলা করেছে কি না? এক্সট্রাজুডিশিয়াল কিলিং হচ্ছে কিনা? গুম হচ্ছে কি না? এই জায়গাগুলো যদি তথ্য পান আমাদেরকে জানান। আমরা ব্যবস্থা নিব।

এর আগে হওয়া প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন এবং সংসদ সদস্য আবু সুফিয়ান।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত