ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ইসির প্রস্তুতি শুরু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭:০২

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ইসির প্রস্তুতি শুরু
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে শিগগির ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

গুরুতর অসুস্থততার কথা জানিয়ে শুক্রবার বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আর সেই পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাবেন ডেপুটি স্পিকার কায়সার কায়সার কামাল।

ইতোমধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার অনানুষ্ঠানিক বৈঠক করেছে নির্বাচন কমিশন, তাতে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি দিক পর্যালোচনা করা হয়।

রাষ্ট্রপতি ভোটের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমরা তো প্রস্তুতি শুরু করছি।

“প্রথা অনুযায়ী এখন স্পিকারের (ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল) সাথে সাক্ষাৎ করবেন সিইসি। ইসি সচিবালয় দু-একদিনের মধ্যে চিঠি দিয়ে সাক্ষাতের সূচি চাইবে। ভারপ্রাপ্ত স্পিকার যখন সময় দেবেন, তখনই এই বৈঠক হবে।”

রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।

সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা বা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এরপর সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

জাতীয় সংসদের আগামী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

সংসদের বাজেট অধিবেশন ১৫ জুলাই শেষ হওয়ার কথা জানিয়ে শনিবার তিনি বলেন, “সংবিধানের ১২৩ এর (২) অনুচ্ছেদ অনুসারে পদত্যাগের মধ্যে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে; আশা করি, সেই অধিবেশনে এটা করা সম্ভব হবে।”

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময় বিবেচনা করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দেবে ইসি।

গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পায়নি ইসি

এদিকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদের কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ রোববার বলেন, “দল থেকে বহিষ্কারের বিষয়ে জামায়াতের একটি চিঠি আমরা পেয়েছি। এখনও সংসদ সচিবালয় থেকে রেফার করে এ ধরনের কোনো পত্র ইসি সচিবালয়ে পৌঁছেনি।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে নির্বাচিত হন নজরুল ইসলাম।

এর মধ্যে গেল ২০ জুলাই রাতে এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। শুরুতে জামায়াতের নেতাকর্মীরা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন। তবে সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুক পোস্টে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

উদ্ভূত পরিস্থিতিতে ২২ জুলাই তাকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পরদিন দলটি নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।

এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তিনি বলেছেন, দল বহিষ্কার করলেও ইসির কিছু করার সুযোগ নেই। তবে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয়।

ইসি মাছউদ বলেন, কেবল দলের বহিষ্কারের চিঠি দিয়ে এমপি পদ থাকা না থাকার আলোচনা একটি বিতর্কিত বিষয়। গাজী নজরুল ইসলামের পদ নিয়ে স্পিকার বা জাতীয় সংসদের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ‘রেফারেন্স’ বা চিঠি পেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত