ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২২:৩৫

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০
ছবি: সংগৃহীত

সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাকে জানান, এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অপরটিতে ছিলেন বেসামরিক যাত্রীরা।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, গুরুতর আহতদের দ্রুত হমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়।

যে মহাসড়কটিতে দুর্ঘটনা ঘটেছে, তার নিরাপত্তা মান ভালো নয়। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর অবস্থা নাজুক হয়ে পড়েছে।

গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেছিলেন, সিরিয়ায় মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে এ ধরনের সড়ক দুর্ঘটনা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত