ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

১৩৫৫ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৬:১৪

১৩৫৫ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এবার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার।

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই দুই কার্গো এলএনজির জন্য সরকারের ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি টাকা, যা গত দুই মাসে এলএনজি আমদানির গড় খরচের তুলনায় কিছুটা কম।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে এলএনজির দাম বাড়তে বাড়তে প্রতি কার্গো ৮০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেখানে এবার এলএনজি আমদানির জন্য কার্গো প্রতি গড়ে খরচ হবে ৭০০ কোটি টাকার নিচে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের আংশিক অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের অ্যারামকো ট্রেডিং এবং গানভর সিঙ্গাপুর আলাদাভাবে ওই দুই কার্গো এলএনজি সরবরাহ করবে।

এর আগে ১৭ জুন ক্রয় কমিটির সভায় একই প্রক্রিয়ায় তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

তখন সিঙ্গাপুরভিত্তিক ভাইটল এশিয়া এবং অ্যারামকো ট্রেডিং সিঙ্গাপুরের মাধ্যমে দুই কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের মাধ্যমে এক কার্গো কেনার সিদ্ধান্ত হয়।

সেজন্য সরকারের ব্যয় ধরা হয় ২ হাজার ১১২ কোটি টাকা। অর্থাৎ গড়ে ৭০০ কোটি টাকার বেশি করে এক কার্গোর মূল্য ঠিক হয়।

তার আগে চলতি মাসে ও গত মাসে যত এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে, তার গড় দাম ছিল আরও বেশি।

গত ৩ জুন ক্রয় কমিটির সভায় বিপি সিঙ্গাপুর থেকে এক কার্গো এবং টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। ওই তিন কার্গো আমদানিতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৩৭২ কোটি টাকা।

মে মাসের শেষ দিকে হওয়া ক্রয় কমিটির সভায় দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। ওই চালানগুলোর জন্য ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪৩২ টাকা।

তারও আগে ৭ মে কমিটির ২০তম সভায় স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদিত হয়। ভাইটল এশিয়া, বিপি সিঙ্গাপুর এবং গানভর সিঙ্গাপুর থেকে কেনা ওই তিন কার্গোর জন্য মোট ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২২ টাকা।

ক্রয় কমিটির বুধবারের সভায় দুই কোটি লিটার করে পরিশোধিত পাম অলিন এবং পরিশোধিত সয়াবিন তেল কেনারও সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাবে সরকার।

এছাড়াও ৩০ হাজার টন ব্যাগড গ্র‍্যানুলার ইউরিয়া সার আমদানি, ২৫ হাজার টন বাল্ক গ্র‍্যানুলার ইউরিয়া সার আমদানি, ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানি, সাড়ে ১২ হাজার টন মসুর ডাল আমদানি এবং ১০ হাজার টন মসুর ডাল স্থানীয়ভাবে সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির সায় দিয়েছে ক্রয় কমিটি।

গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণের পাইলট প্রকল্পের জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগেরও একটি সিদ্ধান্ত দিয়েছে সরকারের ক্রয় কমিটি।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত