ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জুয়া ও অর্থ লেনদেন তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:২৭

জুয়া ও অর্থ লেনদেন তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত

ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেনের বিষয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবির) অভিযোগের পর এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

রকিবুল হাসান খান নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে গত রোববার এ পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক, যা সামনে আসে মঙ্গলবার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘‘সিআইডির তরফে রকিবুল হাসানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলে নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।’’

“অস্বাভাবিক লেনদেনের অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত বা তিনি অভিযোগ থেকে খালাস না পাওয়া পর্যন্ত বরখাস্ত থাকবেন।’’

মুখপাত্র বলেন, ‘‘অভিযোগ প্রমাণ হলে স্থায়ী বরাখাস্ত হবেন। তখন তার সুবিধা ও অন্যান্য আর্থিক বিষয়ে চূড়ান্ত হিসাব করে পাওনা সমন্বয় করা হবে।’’

কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বিভাগে কর্মরত রকিবুল এক নির্বাহী পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অনলাইন জুয়া, বিভিন্ন ধরনের গেমিং জোনে বেটিং ও ক্রিপ্টো কারেন্সির লেনদেন সংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে রকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় ডিবি। গোয়েন্দারা তার ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ অর্থের লেনদেনের তথ্য পান।

রকিবুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানেন বাংলাদেশ ব্যাংকের এমন এক কর্মকর্তা বলেন, ‘‘তদন্তে পাওয়া তথ্যের সূত্র ধরে গত ১৫ জুলাই রকিবুলকে ধরতে বেলা দেড়টায় ডিবির একটি দল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভবনে গিয়েছিল। তবে তাকে পায়নি।’’

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত