প্রাথমিক শিক্ষকদের কার বেতন কত হবে

সরকারের কাছে পাঠানো প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন প্রস্তাবে শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রস্তাব অনুযায়ী, সহকারী শিক্ষকরা বর্তমানে যে ১৩তম গ্রেডে (১১ হাজার টাকা স্কেল) বেতন পান, তা উন্নীত করে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা স্কেল) নেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে সারাদেশে ৬৬ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৫০ হাজারের বেশি শিক্ষক কর্মরত রয়েছেন।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ইউএপিইও) জন্য বর্তমান ১০ম গ্রেড (১৬ হাজার টাকা স্কেল) থেকে উন্নীত করে ৯ম গ্রেডে (২২ হাজার টাকা স্কেল) বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই পদে সারাদেশে ২,৬০৭ জন কর্মকর্তা কর্মরত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ইউপিইও) ক্ষেত্রেও বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তারা এখন ৯ম গ্রেডে (২২ হাজার টাকা স্কেল) বেতন পাচ্ছেন, প্রস্তাব অনুযায়ী এটি উন্নীত হয়ে হবে ৮ম গ্রেড (২৩ হাজার টাকা স্কেল)। বর্তমানে এই পদে রয়েছেন ৫১৬ জন কর্মকর্তা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিইও) বেতনও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তাদের বেতন ৭ম গ্রেড (২৯ হাজার টাকা স্কেল) থেকে উন্নীত করে ৬ষ্ঠ গ্রেডে (৩৫ হাজার ৫০০ টাকা স্কেল) নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ পদে কর্মরত আছেন ৬৮ জন।
এছাড়া, বিভাগীয় উপ-পরিচালকদের বেতন ৫ম গ্রেড (৪৩ হাজার টাকা স্কেল) থেকে বাড়িয়ে ৪র্থ গ্রেড (৫০ হাজার টাকা স্কেল) করার সুপারিশ করা হবে বলেও জানিয়েছে অধিদফতর।
বাংলাদেশ জার্নাল/সিএম










