শিক্ষা বিভাগের বিভিন্ন সংস্থায় শীর্ষ পদে বড় পরিবর্তন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৯:৪৬

শিক্ষা বিভাগের বিভিন্ন সংস্থায় শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকাসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আরেক গুরুত্বপূর্ণ সংস্থা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও (এনসিটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এই অধ্যাপক এত দিন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছিলেন। আর এত দিন ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন খন্দোকার এহসানুল কবির। তাঁকে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ।
রাজশাহী বোর্ডের চেয়ারম্যান হয়েছেন একই বোর্ডের সচিবের দায়িত্বে থাকা শামীম আরা চৌধুরী। কুমিল্লা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হয়েছেন দর্শনের অধ্যাপক মো. আহসান পারভেজ। তিনি কুমিল্লার দেবীদ্বার সরকারি এস এ কলেজের অধ্যক্ষ ছিলেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ছাড়া এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। হিসাববিজ্ঞানের এই অধ্যাপক চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
দীর্ঘদিন ধরে এনসিটিবিতে নিয়মিত চেয়ারম্যান নেই। এত দিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলাদেশ জার্নাল/সিএম










