ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সম্পত্তির মালিকানা পেতে সৌদিতে বিদেশি কোম্পানির জন্য নতুন শর্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৯:২৯

সম্পত্তির মালিকানা পেতে সৌদিতে বিদেশি কোম্পানির জন্য নতুন শর্ত

সৌদি আরবে ব্যবসা-বাণিজ্য না করেও সম্পত্তির মালিকানা পেতে বিদেশি কোম্পানির জন্য নতুন শর্ত জুড়ে দিয়েছে দেশটির বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়। এসব শর্ত দেশটির ‘বিনিয়োগ নির্দেশিকা ২০২৬’ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।

শর্ত হিসেবে মন্ত্রণালয় বলেছে, বিদেশি কোম্পানিগুলোকে নিজ দেশের বাণিজ্যিক নিবন্ধন সনদ জমা দিতে হবে। এই সনদ অনুমোদিত অনুবাদ প্রতিষ্ঠানের মাধ্যমে আরবিতে ভাষান্তর করতে হবে। সেই ভাষান্তর করা সনদ আবার সত্যায়িত করে নিতে হবে সৌদি দূতাবাসের মাধ্যমে।

মন্ত্রণালয় বলেছে, কোম্পানির সনদও একই পদ্ধদিতে সত্যায়িত করে জমা দিতে হবে। এছাড়া আবেদনকারী কোম্পানি যে প্রতিনিধিকে মনোনয়ন দেবেন, তার অনুমোদনপত্রও একই প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় বলেছে, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোম্পানিগুলোকে একজন প্রতিনিধি নিয়োগ দিতে হবে, যিনি সশরীরে কাজ করবেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ওই ব্যক্তির ‘পাওয়ার অব অ্যাটর্নিও’ থাকতে হবে।

সৌদি আরবের স্বীকৃত পরিচয়পত্র না থাকলে ওই কোম্পানিকে বিদেশে অবস্থিত সৌদি কূটনৈতিক মিশনের মাধ্যমে একটি ‘ডিজিটাল আইডেনটিটি’ সংগ্রহ করতে হবে।

বার্ষিক নিবন্ধন হালনাগাদের ক্ষেত্রেও শর্ত জুড়ে দেওয়া দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধনের পর কোম্পানির মালিকানা কাঠামো বা ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনা যাবে না।

সৌদি গেজেট লিখেছে, বিনিয়োগ নির্দেশিকায় “সৌদিতে বিদেশি কোম্পানির সম্পত্তির মালিকানার নিবন্ধন’ শিরোনামে একটি আলাদা অধ্যায় যুক্ত করা হয়েছে।

এর মাধ্যমে আবাসন খাতে বিদেশি বিনিয়োগকে আরও সুশৃঙ্খলায় আনা এবং নতুন বিনিয়োগকে আইনি প্রক্রিয়ায় সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হয়েছে।

যোগ করা নতুন অধ্যায়ে বিনিয়োগের উদ্দেশ্যে সম্পত্তি অধিগ্রহণ করতে ইচ্ছুক বিদেশি কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া, অনুমোদিত প্রতিনিধি নিয়োগের শর্ত, সম্পত্তি ব্যবস্থাপনা, হস্তান্তর প্রক্রিয়া, ব্যাংক হিসাব খোলার নিয়ম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোম্পানি ও প্রতিনিধির তথ্য হালনাগাদের পদ্ধতি বিস্তারিত তুলে ধরা হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, ২০২৬ সালের নির্দেশিকায় যেসব বিষয় সংযোজন করা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’। কারণ এর আগে বিদেশি কোম্পানির সম্পত্তির মালিকানা নিয়ে এত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত