ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৮:১০

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে এ ঘটনা ঘটে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

ভূমিকম্পের কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে অনেক বাসিন্দা ভবন থেকে বেরিয়ে আসেন। এতে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিপাইন এবং প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থাগুলোও সুনামির সতর্কতা জারি করেছে।

এর আগে জিএফজেড ভূমিকম্পটির মাত্রা ৮ দশমিক ২ বলে উল্লেখ করেছিল। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাও এই ভূমিকম্পের পর সুনামির ঝুঁকির সতর্কতা জারি করেছে।

ফিলিপাইনের সংস্থা ‘ফিভলকস’ জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ মাত্রার। তারা ক্ষয়ক্ষতি এবং এক মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে, যা কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

অপরদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।

সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশ প্রধান বেঞ্জি আনচেতা জানান, সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই পুলিশ ভবনে কিছু ফাটল দেখা দেয়। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শক্তিশালী ঝাঁকুনিতে কিছু মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন।

উল্লেখ্য, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। উভয় দেশই ‘প্যাসিফিক রিং অব ফায়ার’–এর অন্তর্ভুক্ত।

সূত্র : রয়টার্স

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত